Read today's news --> Click here

আসাম কংগ্রেসে বড়সড় ধাক্কা, প্রায় তিন দশকের সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের; বিজেপিতে যোগদানের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক মুখেই আসাম কংগ্রেসে বড়সড় ভাঙন । প্রায় তিন দশকের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে মঙ্গলবার দলের প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ । আর তাঁর এই পদত্যাগের দিনেই তাঁকে প্রকাশ্যে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা মাত্র তিন লাইনের একটি সংক্ষিপ্ত পদত্যাগপত্রে বরদলৈ জানিয়েছেন যে, তিনি এক “প্রবল বিষণ্ণতা” নিয়েই দল ছাড়ছেন । গত সোমবারই তিনি অভিযোগ করেছিলেন যে, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে কোণঠাসা করে রেখেছে । আসাম প্রদেশ কংগ্রেস (PCC) সভাপতি গৌরব গগৈয়ের প্রতিও তিনি চরম ক্ষোভ উগরে দেন । গত বছর বরদলৈয়ের কনভয়ে হামলার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে তিনি লাহরিঘাটের বিধায়ক আসিফ নজরকে দায়ী করেছিলেন এবং সেই আসিফকে গৌরব গগৈ সমর্থন করছেন বলেই অভিযোগ ছিল এই সাংসদের ।

বরদলৈয়ের দলত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, তিনি খুব শীঘ্রই পদ্মশিবিরে যোগ দিতে পারেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে হাই-প্রোফাইল দিসপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে । সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-কে (TOI) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিজেপির তরফ থেকে যোগাযোগ করার কথা স্বীকার করে নেন । তিনি বলেন, “উঁচু তলা থেকে বিজেপির একটি প্রস্তাব এসেছে। আমি কে সি বেণুগোপাল এবং অন্যান্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। তাই সম্ভবত আমি কিছু নির্দিষ্ট বিষয় উত্থাপন করার কারণেই তারা আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছেন। তারা যোগাযোগ করেননি, হয়তো তারা আমার ওপর ক্ষুব্ধ” ।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর মতে, বিজেপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও বরদলৈকে বিধানসভা নির্বাচনে জায়গা দেওয়া সম্ভব । সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “তাঁর অবশ্যই বিজেপিতে যোগ দেওয়া উচিত। আমি তাঁকে বিজেপিতে আমন্ত্রণ জানাচ্ছি, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে তাঁর ও আমার মধ্যে কোনো কথা হয়নি” । গত মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা দুই বারের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কংগ্রেসে এমন কোনো পরিবেশ নেই যেখানে একজন সনাতনী হিন্দু মানুষ থাকতে পারেন। আমরা যেমন ভূপেন বোরাকে সম্মান দিয়েছি, আপনাকেও (বরদলৈ) সম্মান করব” । মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দেন, “তিনি যদি বিজেপিতে আসেন, তবে আমরা নিশ্চিতভাবেই কোথাও একটি আসন ছেড়ে দেব যাতে তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। রাজনীতি সম্ভাবনার ওপরই দাঁড়িয়ে থাকে” ।

এদিকে, তাঁর ছেলে প্রতীক বরদলৈকে মারঘেরিটা কেন্দ্র থেকে ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী করেছে । ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে প্রদ্যুৎ বরদলৈ স্পষ্টভাবে জানান, “আমার ছেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমার প্রথমবার বিধায়ক হওয়ার সময় ওর বয়স ছিল তিন বছর, তখন থেকেই সে কংগ্রেসের সংস্কৃতিতে বড় হয়েছে। গত সাত মাস ধরে মারঘেরিটাতে সে স্বাধীনভাবে কাজ করছে। দল তাকে আসনটির প্রস্তাব দিয়েছে। আমি স্পষ্ট করে দিয়েছি যে, আমার সিদ্ধান্তের কোনো প্রভাব যেন ওর ওপর না পড়ে। ওর নিজস্ব স্বাধীন দৃষ্টিভঙ্গি নিয়েই এগোনো উচিত” ।

আসাম কংগ্রেসে বড়সড় ধাক্কা, প্রায় তিন দশকের সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ের; বিজেপিতে যোগদানের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
Scroll to top