Read today's news --> Click here

পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই ভারতের দ্বিতীয় এলপিজি ট্যাংকার ‘নন্দা দেবী’ নিরাপদে ভিড়ল গুজরাটের ভাদিনার বন্দরে

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বড় স্বস্তির খবর। কাতার থেকে রওনা হয়ে এবং উত্তেজনায় পরিপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করে মঙ্গলবার, ১৭ই মার্চ, গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার ভাদিনার বন্দরে এসে পৌঁছেছে ভারতের দ্বিতীয় এলপিজি (LPG) ট্যাংকার ‘নন্দা দেবী’ । এই ট্যাংকারটি প্রায় ৪৬,৫০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করে এনেছে । এর ঠিক একদিন আগে, সোমবার, ‘শিবালিক’ নামের প্রথম ভারতীয় জাহাজটি ৪৬,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে নোঙর করেছিল I

ভাদিনার বন্দরে ‘নন্দা দেবী’ পৌঁছানোর পর দীনদয়াল পোর্ট অথরিটির (ডিপিএ) চেয়ারম্যান সুশীল কুমার সিং নিজে জাহাজে ওঠেন এবং এর ক্যাপ্টেন ও অন্যান্য নাবিকদের সাথে কথা বলেন । এখানে মাঝসমুদ্রে মূল বা মাদার জাহাজ থেকে ছোট জাহাজে (শিপ-টু-শিপ) এলপিজি স্থানান্তরের কাজ শুরু হয়েছে । এই প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে ডিপিএ চেয়ারম্যান বলেন, “৪৬,৫০০ মেট্রিক টন এলপিজি-র একটি চালান আনা হয়েছে; এই কার্গোটি বিডব্লিউ বার্চ (BW Birch) নামের একটি জাহাজে স্থানান্তর করা হবে, যা পরবর্তীতে পূর্ব উপকূল বরাবর এন্নোর (তামিলনাড়ু) এবং হলদিয়া (পশ্চিমবঙ্গ) বন্দরে এই চালানের কিছু অংশ খালাস করতে অগ্রসর হবে” ।

ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সংঘাতের কারণে যখন উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের চলাচল ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে, তখন এই দুটি জাহাজের নিরাপদ প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ । ভারত তার প্রয়োজনীয় রান্নার গ্যাস ও জ্বালানির অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে থাকে । তাই আধিকারিকরা মনে করছেন, এই সফল অভিযানের ফলে দেশের সাধারণ উপভোক্তা এবং শিল্প ক্ষেত্রে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা নিশ্চিত হলো । পাশাপাশি, এটি আগামী দিনে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে ভারতের অন্যান্য জ্বালানি পরিবাহী জাহাজগুলির নিরাপদ যাতায়াতের জন্য একটি কার্যকর রূপরেখাও প্রস্তুত করল ।

পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝেই ভারতের দ্বিতীয় এলপিজি ট্যাংকার ‘নন্দা দেবী’ নিরাপদে ভিড়ল গুজরাটের ভাদিনার বন্দরে
Scroll to top