Read today's news --> ⚡️Click here 

পাঁচ বছরে দ্বিগুণ হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পারিবারিক সম্পত্তি, মোট মূল্য ছাড়াল ৩৫ কোটি টাকা

আসন্ন বিধানসভা নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । গত ২০শে মার্চ জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে যে, গত পাঁচ বছরে তাঁর এবং তাঁর স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার সম্মিলিত পারিবারিক সম্পত্তি প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ছিল ১৭.২৭ কোটি টাকা, যা ২০২৬ সালে একলাফে বেড়ে ৩৫.১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে ।

হলফনামার বিস্তারিত তথ্য অনুযায়ী, আশ্চর্যের বিষয় হলো মুখ্যমন্ত্রীর নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি, অর্থাৎ জমি বা বাড়ি নেই । এমনকি তাঁর নিজস্ব কোনো গাড়ি বা শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও নেই । তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৩৬ কোটি টাকা, যা আগের নির্বাচনে ১.৭২ কোটি টাকা ছিল । নগদ ২.২৮ লক্ষ টাকা এবং চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬৮,০১,৯৪৩ টাকা জমা রয়েছে তাঁর । ২৫.১০ লক্ষ টাকা মূল্যের ১৮০ গ্রাম সোনার মালিক মুখ্যমন্ত্রী নিজের আয়ের উৎস হিসেবে কেবলমাত্র সরকারি বেতনকেই উল্লেখ করেছেন । পাশাপাশি তাঁর ঘাড়ে ৯৫.০৫ লক্ষ টাকার ঋণ রয়েছে । গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট এবং আইন পাস করা এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই বলেও হলফনামায় স্পষ্ট করা হয়েছে ।

অন্যদিকে, পরিবারের সিংহভাগ সম্পত্তির মালকিন হলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা ‘প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট’-এর ম্যানেজিং ডিরেক্টর রিণিকি ভূঁইয়া শর্মা । গত পাঁচ বছরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৬.১৯ কোটি থেকে বেড়ে ৩২.৭৯ কোটি টাকা হয়েছে । তাঁর নগদ অর্থের পরিমাণ ৩.১৬ লক্ষ টাকা এবং ব্যাঙ্কে জমা রয়েছে ৭৪,৮৫,২৪৮ টাকা । মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে ১৯.২৫ কোটি টাকার তিনটি অকৃষি জমি রয়েছে, যার মধ্যে একটি ২০২২ সালে কেনা এবং অন্য একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত । এছাড়াও, তাঁর ৫.১০ কোটি টাকার বাজার বিনিয়োগ, ১.৭৭ কোটি টাকার জীবন বিমা এবং ২.০৩ কোটি টাকা মূল্যের ১,৪৫৯.২২১ গ্রাম সোনা রয়েছে । ২০১৮ সালে ২১.৬০ লক্ষ টাকা দিয়ে কেনা একটি জিপ গাড়িও তাঁর নামে নথিভুক্ত । আয়ের উৎস হিসেবে ‘বেতন’-এর কথা উল্লেখ করা রিণিকি শর্মার বর্তমান ঋণের পরিমাণ ১৫.৯১ কোটি টাকা ।

২০২১ সালের হলফনামার সাথে এবারের একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো, মুখ্যমন্ত্রীর দুই সন্তান বর্তমানে প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের আর নির্ভরশীল (dependent) হিসেবে দেখানো হয়নি । সব মিলিয়ে, ভোটের ময়দানে নামার আগে হেভিওয়েট এই প্রার্থীর সম্পত্তির খতিয়ান রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই মনোযোগ কেড়েছে।

পাঁচ বছরে দ্বিগুণ হলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পারিবারিক সম্পত্তি, মোট মূল্য ছাড়াল ৩৫ কোটি টাকা
Scroll to top