
বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)-এর স্রষ্টা তথা দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ বিনোদন সংস্থা ‘হাইব’ (HYBE) এবার ভারতীয় প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরতে এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে । এই মেগা ট্যালেন্ট হান্টের অন্যতম কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর-পূর্ব ভারতের শহর গুয়াহাটিকে । ভারতের বিশাল কে-পপ ফ্যানবেস এবং প্রতিভাকে কাজে লাগাতে নিজেদের ‘মাল্টি-হোম, মাল্টি-জঁনরা’ (multi-home, multi-genre) কৌশলের ওপর ভর করে এগোতে চাইছে সংস্থাটি ।
সংস্থার ভারতীয় শাখা ‘হাইব ইন্ডিয়া’ (HYBE India) জানিয়েছে যে, গুয়াহাটি ছাড়াও মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, চণ্ডীগড় এবং পুনে—সব মিলিয়ে মোট ১০টি শহরে সরাসরি বা অফলাইন অডিশন অনুষ্ঠিত হবে । এর পাশাপাশি চলবে অনলাইন বাছাই পর্বও, যদিও অডিশনের নির্দিষ্ট দিনক্ষণ, যোগ্যতা বা রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি । গত বছরের সেপ্টেম্বরে মুম্বাইতে নিজেদের সদর দপ্তর স্থাপন করা হাইব ইন্ডিয়ার এটি পঞ্চম আন্তর্জাতিক বেস (জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা এবং চীনের পর) । এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে সফল শিল্পীদের আবিষ্কার ও প্রশিক্ষণের যে মডেল তাদের রয়েছে, তা এবার ভারতীয় প্রতিভাদের জন্য স্থানীয়করণ (localise) করা হবে । নির্বাচিত প্রার্থীরা হাইবের নিজস্ব কাঠামোর অধীনে বিশ্বমানের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন এবং আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ।
আন্তর্জাতিক বিনোদনের মানচিত্রে আসামকে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগটি একটি বড় পদক্ষেপ । আসাম ট্যুরিজমের ম্যানেজিং ডিরেক্টর পদ্মপাণি বোরা সম্প্রতি জানিয়েছেন যে, গত বছর গুয়াহাটিতে হাইব-এর একজন প্রতিনিধির সাথে তাঁর বৈঠক হয়েছিল । সেখানে রাজ্যে শিল্পীদের বিকাশ এবং বড় মাপের আন্তর্জাতিক কনসার্ট আয়োজনের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক আলোচনা হয় ।
হাইব-এর এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন বিটিএস-এর কামব্যাক অ্যালবাম ‘আরিরাং’ (Arirang) নতুন করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে । গত ডিসেম্বরে মুম্বাইতে বিটিএস তারকা জংকুকের (Jungkook) ‘গোল্ডেন: দ্য মোমেন্টস’ প্রদর্শনীর মাধ্যমে ভারতের মাটিতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে পা রেখেছিল হাইব । তাছাড়া, কে-পপ দুনিয়ায় ভারতীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান সাফল্য এই অডিশনকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে । হাইব-এর নিজস্ব গার্ল গ্রুপ ‘ক্যাটসআই’ (KATSEYE)-এ ইতিমধ্যেই রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তামিল-আমেরিকান গায়িকা লারা রাজ । এছাড়াও ‘ব্ল্যাকসোয়ান’ (BLACKSWAN)-এ ওড়িশার শ্রেয়া লঙ্কা (Sriya Lenka) এবং ‘এক্স:ইন’ (X:IN)-এ আরিয়া (Aria) নজর কেড়েছেন । এই বিশাল ফ্যানবেস এবং অব্যবহৃত প্রতিভাকে কাজে লাগিয়ে ভারত থেকে আগামী দিনের বিশ্বখ্যাত তারকা তুলে আনাই এখন হাইবের মূল লক্ষ্য ।