
দেশের আবহাওয়া নিয়ে একগুচ্ছ নতুন সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দপ্তর বা মৌসম ভবন (IMD) । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, আগামীকাল পর্যন্ত মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, রায়লসীমা এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গে একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে । এই অঞ্চলগুলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে । বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স (Western Disturbance) বয়ে যাওয়ার কারণেই এই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে ।
আগামী কয়েক দিনের জন্য উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে । মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, আগামী ২৬শে মার্চ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে বজ্রঝড় এবং বজ্রপাতের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে । এর মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । অন্যদিকে, আজ ও আগামী ২৬ ও ২৭শে মার্চ পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর ।