
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে দেশের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় যে প্রভাব পড়তে পারে, তার মোকাবিলায় এবার সরাসরি রাজ্যগুলির সাথে আলোচনায় বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ, শুক্রবার (২৭শে মার্চ) সন্ধ্যায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাঁর । গত ২৮শে ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক ।
এই ভার্চুয়াল বৈঠকের মূল লক্ষ্য হলো রাজ্য স্তরের প্রস্তুতি খতিয়ে দেখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় একটি সুসংহত কৌশল বা পরিকল্পনা তৈরি করা । দেশের পেট্রোল, ডিজেল এবং এলপিজি বা রান্নার গ্যাস সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে । সেই সাথে এই সংঘাতের জেরে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বা অর্থনৈতিক মন্দার মতো যে কোনো বিরূপ প্রভাব ঠেকাতে কেন্দ্র ও রাজ্য কীভাবে একসাথে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হবে । মূলত ‘টিম ইন্ডিয়া’ (Team India) ভাবনাকে সামনে রেখেই কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে l
তবে যে সমস্ত রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিতে পারবেন না । আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) বলবৎ থাকার কারণেই তাঁরা এই বৈঠক এড়িয়ে যাবেন বলে জানা গেছে । তবে এই সমস্ত নির্বাচনী রাজ্যগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীদের বদলে রাজ্যের মুখ্যসচিবদের সাথে আলাদা করে একটি বৈঠক করা হবে বলে খবর । এর আগে গত বুধবারই দেশের সার্বিক পরিস্থিতি এবং বিদেশ নীতি নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ।