
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের উদ্দেশ্যে মানব মহাকাশযাত্রা শুরু হতে চলেছে। আর এই ঐতিহাসিক ‘আর্টেমিস-২’ (Artemis II) মিশনের জন্য নির্বাচিত চার মহাকাশচারী তাঁদের চূড়ান্ত প্রস্তুতি সারতে ইতিমধ্যেই ফ্লোরিডায় এসে পৌঁছেছেন ।
সূত্র মারফত জানা গেছে, নাসার (NASA) তিন মহাকাশচারী— রিড ওয়াইজম্যান (Reid Wiseman), ভিক্টর গ্লোভার (Victor Glover) এবং ক্রিস্টিনা কোচ (Christina Koch)-এর পাশাপাশি কানাডিয়ান স্পেস এজেন্সির (Canadian Space Agency) জেরেমি হ্যানসেন (Jeremy Hansen) টেক্সাসের হিউস্টন থেকে নর্থরপ টি-৩৮ (Northrop T-38) জেটে উড়ে নাসার কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space Centre) অবতরণ করেছেন । সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ১লা এপ্রিল নাসার তৈরি দৈত্যাকার স্পেস লঞ্চ সিস্টেম বা এসএলএস (SLS) রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন তাঁরা ।
ফ্লোরিডায় পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই চার মহাকাশচারী তাঁদের রোমাঞ্চকর অভিযানের বিষয়ে বিস্তারিত জানান। তাঁরা জানিয়েছেন যে, মহাকাশের গভীরে মানুষ পরিবহণের জন্য বিশেষভাবে তৈরি ‘ওরিয়ন’ (Orion) ক্রু ক্যাপসুলে চড়েই তাঁরা এই যাত্রায় অংশ নেবেন । প্রায় ১০ দিন ধরে চলবে এই মিশন। এই দশ দিনে তাঁরা অত্যন্ত দ্রুত গতিতে চাঁদের কক্ষপথ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছেন ।