
দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা ও ব্যবসায়িক সুবিধা বাড়ানোর লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি (CBDT)। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় করদাতাদের সাথে রেকর্ড ২১৯টি ‘অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট’ বা অগ্রিম মূল্য নির্ধারণ চুক্তি (APA) স্বাক্ষর করেছে আয়কর দপ্তরের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা । এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কোনো একক অর্থবর্ষে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক চুক্তি স্বাক্ষরের নজির।
এবারের এই সাফল্যের হাত ধরে দেশে মোট স্বাক্ষরিত এপিএ-র সংখ্যা এক হাজারের গণ্ডি পার করেছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত মোট ৭৫০টি একতরফা (Unilateral APA) এবং ২৮৪টি দ্বিপাক্ষিক (Bilateral APA) চুক্তিতে সিলমোহর দেওয়া হয়েছে । চলতি অর্থবর্ষে স্বাক্ষরিত মোট ২১৯টি চুক্তির মধ্যে ৮৪টিই হল দ্বিপাক্ষিক চুক্তি, যা গত বছরের ৬৫টি দ্বিপাক্ষিক চুক্তির রেকর্ডকেও অনায়াসে ছাপিয়ে গেছে ।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কর সংক্রান্ত বিবাদ এড়াতে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরে আমেরিকা, ব্রিটেন, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের মতো মোট ১৩টি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তিগুলি সম্পন্ন করেছে ভারত । সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক কর কাঠামোর ইতিহাসে এবারই প্রথম ফ্রান্স, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সুইডেনের মতো দেশগুলির সাথে দ্বিপাক্ষিক এপিএ স্বাক্ষর করল সিবিডিটি ।
বিগত কয়েক বছরের ধারাবাহিক পরিসংখ্যানে এই কর্মসূচির ক্রমাগত সাফল্যের চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে যেখানে ১২৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৭৪-এ । আর এবার ২০২৫-২৬ অর্থবর্ষে ২১৯টি চুক্তির এই নতুন পরিসংখ্যান প্রমাণ করে যে, বহুজাতিক সংস্থাগুলির জন্য কর সংক্রান্ত অনিশ্চয়তা দূর করে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে সিবিডিটি কতটা বদ্ধপরিকর।