
দেশজুড়ে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস বা পিএনজি (PNG) সরবরাহের সম্প্রসারণ অব্যাহত রাখতে একটি বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ন্যাশনাল পিএনজি ড্রাইভ ২.০’-এর (National PNG Drive 2.0) মেয়াদ আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে । এর পাশাপাশি, গুজবের জেরে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়, সেই কারণে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে সঠিক তথ্য প্রচারের নির্দেশ দিয়ে সরকার আশ্বস্ত করেছে যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং পিএনজির পর্যাপ্ত মজুত রয়েছে ।
পিএনজি সংযোগে গতি আনতে শহর এলাকায় গ্যাস বন্টনকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে বাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হস্টেল, মেস এবং ক্যান্টিন মিলিয়ে মোট ৩.১ লক্ষেরও বেশি পিএনজি সংযোগ চালু করা হয়েছে। এছাড়াও নতুন করে ২.৭ লক্ষ সংযোগের কাজ চলছে । জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও জোর কদমে কাজ চলছে। ১ মার্চ থেকে প্রতিদিন গড়ে ৫০ লক্ষেরও বেশি গার্হস্থ্য এলপিজি (LPG) সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং ২৩ মার্চ থেকে পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে ৩.২ লক্ষেরও বেশি ৫ কেজির এফটিএল (FTL) সিলিন্ডার বিক্রি করা হয়েছে ।
জ্বালানি পরিস্থিতির পাশাপাশি বিদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর কাজও সমানতালে চলছে। বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজে অপ্রীতিকর ঘটনার খবর নেই এবং ওই অঞ্চলের সব ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন । ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (DG Shipping)-এর উদ্যোগে এখনও পর্যন্ত ৯৫৯ জন ভারতীয় নাবিককে নিরাপদে স্বদেশে ফেরানো হয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ফিরেছেন ৯ জন। বর্তমানে দেশের সমস্ত বন্দরেই কাজকর্ম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে ।
অন্যদিকে, বিদেশ মন্ত্রক জানিয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে মোট ৫.৭২ লক্ষেরও বেশি যাত্রী দেশে ফিরে এসেছেন । বিদেশে থাকা ভারতীয় দূতাবাস এবং মিশনগুলি সার্বক্ষণিক (24×7) হেল্পলাইনের মাধ্যমে প্রবাসী ভারতীয়, বিভিন্ন সংগঠন এবং সংস্থাগুলির সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে ।