
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রচারকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ (AIUDF)। দলের সভাপতি বদরুদ্দিন আজমল শুক্রবার, ২৭শে মার্চ জানিয়েছেন যে, দলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী এপ্রিল মাসের শুরুতেই আসাম সফরে আসছেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ।
দিল্লিতে ওয়াইসির সাথে আজমলের ছেলে আব্দুল রহমান আজমলের একটি বিশেষ বৈঠকের পরই এই সফর চূড়ান্ত করা হয়েছে বলে এআইইউডিএফ প্রধান জানিয়েছেন । পুরো ঘটনাটির বিবরণ দিয়ে তিনি বলেন, “আজ আমার ছেলে আব্দুল রহমান আজমল আনুষ্ঠানিকভাবে তাঁর (ওয়াইসি) সাথে নৈশভোজে গিয়েছিলেন। সেখানে আলোচনার পর তাঁরা আমার সাথে কথা বলেন এবং আসাম সফরের বিষয়ে সম্মত হন।” এই সফরের গুরুত্ব তুলে ধরে আজমল আরও জানান যে, ওয়াইসির উপস্থিতিতে রাজ্যে “অন্তত আটটি কর্মসূচির আয়োজন করার” পরিকল্পনা রয়েছে দলের ।
অন্যদিকে, এই জোটবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন যে, আজমলের বিশেষ অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । দিল্লিতে আব্দুল রহমান আজমলের সাথে বৈঠকের পাশাপাশি ফোনে বদরুদ্দিন আজমলের সাথে কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন । নিজের পরিকল্পনা সম্পর্কে ওয়াইসি জানান যে তিনি গুয়াহাটিতে দু’দিনের জন্য সফরে আসবেন এবং এআইইউডিএফ প্রার্থীদের সমর্থনে একাধিক জনসভায় বক্তব্য রাখবেন । মূলত সংখ্যালঘু ভোটব্যাংককে নিজেদের দিকে টানতেই এই দুই দলের এই কৌশলগত পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
আসামের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিজেদের জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছে এআইএমআইএম । সম্প্রতি সেখানে হুমায়ুন কবীর এবং তাঁর ‘আম জনতা উন্নয়ন পার্টি’-কে সমর্থন জানিয়েছে ওয়াইসির দল । ওয়াইসির মতে, এই অঞ্চলে মুসলিম সংখ্যালঘুদের মধ্যে থেকে একটি শক্তিশালী নেতৃত্ব তুলে আনাই তাঁদের মূল লক্ষ্য এবং এই জোট শুধুমাত্র আসন্ন নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসাম এবং পশ্চিমবঙ্গে ওয়াইসির এই সমান্তরাল তৎপরতা পূর্ব ভারতে নিজেদের প্রভাব বিস্তারের একটি সুচিন্তিত কৌশল, যা সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলির নির্বাচনী সমীকরণকে বড়সড় মাত্রায় প্রভাবিত করতে পারে ।
আগামী ৯ই এপ্রিল আসামের ১২৬ সদস্যের বিধানসভায় এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । অন্যদিকে, পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হবে দু’দফায়—২৩শে এবং ২৯শে এপ্রিল। সমস্ত রাজ্যের ভোট গণনা আগামী ৪ঠা মে সম্পন্ন হবে ।