
আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে আসামের অবস্থান আরও একবার সুদৃঢ় হলো । ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই (BCCI) আগামী ২০২৬-২৭ আন্তর্জাতিক হোম সিজনের সূচি ঘোষণা করেছে, যেখানে মর্যাদাপূর্ণ বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের ভেন্যু হিসেবে গুয়াহাটিকে বেছে নেওয়া হয়েছে । এটি গুয়াহাটির ক্রিকেট ইতিহাসে একটি বিশাল মাইলফলক হতে চলেছে।
সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১১ই ফেব্রুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে । গুয়াহাটির বুকে এটি হবে মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ । এর আগে গত ২০২৫ সালের ২২শে থেকে ২৬শে নভেম্বর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে এই শহরেই প্রথম ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল । শুধুমাত্র টেস্ট ম্যাচই নয়, এর আগে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিবসীয় (ODI) ম্যাচটিও এই শহরেই আয়োজিত হবে ।
একই সিজনে একটি টেস্ট এবং একটি একদিনের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়াকে শহরের উন্নত পরিকাঠামো এবং সাংগঠনিক দক্ষতার প্রতি বোর্ডের আস্থার প্রতীক বলেই মনে করছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA) । এই সুযোগ দেওয়ার জন্য আইসিসি-র (ICC) চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়াকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন ।
এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া একটি সংবাদমাধ্যমকে জানান, “দ্বিতীয় টেস্ট ম্যাচ পাওয়ায় আমি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানাই। বর্ডার-গাভাস্কার ট্রফির মতো একটি ফিক্সচার আয়োজন করা সত্যিই অত্যন্ত গর্বের বিষয়” । আন্তর্জাতিক স্তরে গুয়াহাটির ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি এটা তো সবে শুরু। আগামী দিনে এই শহর দেশের অন্যতম সেরা এবং কাঙ্ক্ষিত ক্রীড়াঙ্গন হিসেবে আত্মপ্রকাশ করার সম্পূর্ণ ক্ষমতা রাখে” । আগামী ২৭শে সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর (যেখানে তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে) দিয়ে শুরু হতে চলা এই মরশুমে দেশের ১৭টি শহরে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হবে ।