Read today's news --> Click here

মূলধন বাজারে বিনিয়োগের নয়া বিধি কার্যকরে তিন মাসের ছাড়পত্র আরবিআই-এর, নতুন সময়সীমা ১ জুলাই

মূলধন বাজারে ব্যাঙ্কের ঋণ ও বিনিয়োগ (ক্যাপিটাল মার্কেট এক্সপোজার বা CME) সংক্রান্ত নতুন নিয়মকানুনগুলি এখনই কার্যকর হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই সংশোধিত নির্দেশিকাগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আরও তিন মাস সময়সীমা বাড়িয়েছে। ফলে আগামী ১ এপ্রিলের পরিবর্তে এই নতুন নিয়মগুলি ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে বলে শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে । মূলত বিভিন্ন ব্যাঙ্ক, মূলধন বাজারের মধ্যস্থতাকারী এবং শিল্প সংস্থাগুলির অনুরোধের ভিত্তিতেই এই মেয়াদের সম্প্রসারণ করা হয়েছে, কারণ তারা নয়া নিয়মের বেশ কিছু কার্যকরী বিষয় নিয়ে আরও স্পষ্ট ধারণা ও প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চেয়েছিল ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই সংশোধিত নির্দেশিকাগুলি প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল । মূলত ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির অধিগ্রহণে (Acquisition) ব্যাঙ্কের অর্থায়নের পথ আরও সুগম করতে, শেয়ার বা অনুরূপ আর্থিক উপকরণের বিপরীতে ঋণের সীমা নির্দিষ্ট করতে এবং বাজারের মধ্যস্থতাকারীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি নীতি-ভিত্তিক পদ্ধতি চালু করার উদ্দেশ্যেই এই সংস্কার এনেছে আরবিআই ।

পাশাপাশি, অধিগ্রহণের জন্য অর্থায়নের (Acquisition finance) নিয়মগুলিও যথেষ্ট স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন সংজ্ঞা অনুযায়ী, ব্যবসায়িক সংযুক্তি (Mergers) এবং একত্রীকরণকেও (Amalgamations) এর আওতায় আনা হয়েছে। তবে, শুধুমাত্র কোনো অ-আর্থিক সংস্থার (Non-financial company) নিয়ন্ত্রণ অধিগ্রহণের ক্ষেত্রেই এই ধরনের অর্থায়নের অনুমতি দেওয়া হবে । আরবিআই জানিয়েছে যে, যদি টার্গেট সংস্থাটি কোনো হোল্ডিং বা মূল (Parent) কোম্পানি হয়, তবে তার অধীনস্থ সাবসিডিয়ারি সংস্থাগুলির মধ্যেও যাতে অধিগ্রহণের প্রয়োজনীয় শর্ত বা সিনার্জি (Synergy) যথাযথভাবে পূরণ হয়, তা ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে । এর পাশাপাশি, এখন থেকে ভারতীয় সংস্থাগুলি দেশে বা বিদেশের কোনো টার্গেট কোম্পানিকে অধিগ্রহণের উদ্দেশ্যে তাদের সাবসিডিয়ারিগুলিকে অর্থায়নের জন্যও এই অ্যাকুইজিশন ফাইনান্সের সুবিধা ব্যবহার করতে পারবে ।

মূলধন বাজারে বিনিয়োগের নয়া বিধি কার্যকরে তিন মাসের ছাড়পত্র আরবিআই-এর, নতুন সময়সীমা ১ জুলাই
Scroll to top