
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবর্ষে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি (GST) সংগ্রহের নিরিখে অভাবনীয় সাফল্যের মুখ দেখল ভারত। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গোটা আর্থিক বছরে দেশে মোট গ্রস জিএসটি সংগ্রহের পরিমাণ ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে । গত অর্থবর্ষে এই সামগ্রিক কর সংগ্রহের পরিমাণ ছিল ২০ লক্ষ কোটি টাকা ।
অর্থবর্ষের শেষ মাস হিসেবে শুধুমাত্র মার্চেও আয়ের অঙ্কে একটি বড়সড় লাফ লক্ষ্য করা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চ মাসে গ্রস জিএসটি সংগ্রহ ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করেছে । উল্লেখ্য, এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে দেশজুড়ে মোট জিএসটি আদায় হয়েছিল ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকারও বেশি ।
মার্চ মাসে সংগৃহীত এই বিপুল রাজস্বের পুঙ্খানুপুঙ্খ হিসাবও বিস্তারিতভাবে তুলে ধরেছে মন্ত্রক। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে শুধুমাত্র কেন্দ্রীয় জিএসটি (CGST) বাবদ আদায় হয়েছে ৪০,৫৪৯ কোটি টাকা এবং রাজ্য জিএসটি (SGST) বাবদ কোষাগারে এসেছে ৫৩,২৬৮ কোটি টাকা । এর পাশাপাশি, সুসংহত জিএসটি বা আইজিএসটি (IGST) বাবদ ১ লক্ষ কোটি টাকারও বেশি সংগ্রহ হয়েছে বলে সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে ।