Read today's news --> ⚡️Click here 

অসমে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি, ৯০টিরও বেশি আসন জেতার দাবি অমিত শাহের

আসন্ন অসম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল জয়ের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার গুয়াহাটিতে এক বিশাল মেগা রোড-শো চলাকালীন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাজ্যের ১২৬ সদস্যের বিধানসভায় ৯০টিরও বেশি আসনে জয়লাভ করে টানা তৃতীয়বারের জন্য অসমে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট । সাধারণ মানুষের প্রবল উৎসাহ প্রমাণ করছে যে তাঁরা রাজ্যে আবারও ডাবল-ইঞ্জিন সরকারকেই বেছে নিতে চলেছেন বলে তিনি জানান l

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের খতিয়ান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে অসমে আমূল পরিবর্তন এসেছে । রাজ্যে এখন আর কোনো রকম উগ্রবাদ বা অশান্তির পরিবেশ নেই। ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি উগ্রপন্থী আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে সফলভাবে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুগলবন্দিতে রাজ্যে বিশ্বমানের পরিকাঠামো তৈরি হচ্ছে । এর পাশাপাশি জাগিরোডে নতুন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের মতো বড় বড় শিল্পেরও প্রসার ঘটছে বলে তিনি উল্লেখ করেন ।

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে দেশে কোনো সংকট তৈরি হবে কি না, সে বিষয়েও দেশবাসীকে আশ্বস্ত করেছেন অমিত শাহ । তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এই আন্তর্জাতিক অস্থিরতার জেরে দেশে কোনোভাবেই লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হবে না । পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় জ্বালানির কোনো ঘাটতি নেই এবং পুরো পরিস্থিতি বর্তমানে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন ।

আগামী ৯ই এপ্রিল অসম বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং ভোটগণনা হবে ৪ঠা মে । এই নির্বাচনে এনডিএ জোটের আসন সমঝোতা অনুযায়ী, বিজেপি ৯০টি, অসম গণ পরিষদ (AGP) ২৬টি এবং বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (BPF) ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে । শুধুমাত্র শিবসাগর আসনে বিজেপি এবং এজিপি-র মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে । পূর্ববর্তী ফলাফলগুলি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন যে, ২০১৬ সালে ৮৪টি এবং ২০২১ সালে ৭৫টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল এনডিএ; এবার সেই জয়ের ধারা আরও শক্তিশালী হবে ।

অসমে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি, ৯০টিরও বেশি আসন জেতার দাবি অমিত শাহের
Scroll to top