Read today's news --> Click here

অসম নির্বাচন ২০২৬: ইশতেহার প্রকাশ বিজেপির, প্রতিশ্রুতি ইউসিসি, লাভ জিহাদ বিরোধী আইন এবং অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের

আগামী ৯ এপ্রিল অসমে এক দফায় অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গুয়াহাটিতে দলীয় ইশতেহার ‘সংকল্প পত্র’ প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ‘সুরক্ষিত অসম, বিকশিত অসম’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত এই ইশতেহারে মূলত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (UCC), লাভ জিহাদ বিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মতো মোট ৩১টি মেগা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । গুয়াহাটির বাজপেয়ী ভবনে এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকীয়া ।

বিজেপির এই সংকল্প পত্রে রাজ্যের নিজস্ব সংস্কৃতি ও অধিকার রক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, দল পুনরায় ক্ষমতায় এলে প্রথম তিন মাসের মধ্যেই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। তবে উপজাতি সম্প্রদায়ের প্রথা ও ঐতিহ্য রক্ষার্থে ষষ্ঠ তফসিলভুক্ত (Sixth Schedule) এবং এসটি (ST) এলাকাগুলিকে এর আওতার বাইরে রাখা হবে । সেই সঙ্গে ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ সম্পূর্ণ রূপে নির্মূল করতে কার্যকর আইন আনার প্রতিশ্রুতি দিয়েছে শাসক দল । রাজ্যের জনতাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৫০ সালের অভিবাসী (অসম থেকে বহিষ্কার) আইন প্রয়োগ করে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং বিতাড়ন প্রক্রিয়া দ্রুত করার কথা বলা হয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে সত্র, নামঘর সহ অন্যান্য ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলির জমি পুনরুদ্ধার করে ‘মিশন বসুন্ধরা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রকৃত নাগরিকদের জমির অধিকার দেওয়ারও উল্লেখ রয়েছে ইশতেহারে ।

আইনশৃঙ্খলার পাশাপাশি রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও একাধিক বড় ঘোষণা করেছে গেরুয়া শিবির। অসমকে ভারতের ‘পূর্বের প্রবেশদ্বার’ (Eastern Gateway) হিসেবে গড়ে তুলতে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের রূপরেখা তৈরি করা হয়েছে । রাজ্যের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে ‘বন্যা-মুক্ত অসম’ গড়ার লক্ষ্যে প্রথম দু’বছরে ১৮,০০০ কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে । এছাড়া আগামী পাঁচ বছরে রাজ্যের যুবসমাজের জন্য ২ লক্ষ সরকারি চাকরি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ১৫ লক্ষ বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘অরুণোদয়’ প্রকল্পের আওতায় মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা করারও ঘোষণা করা হয়েছে ।

শিক্ষাক্ষেত্র এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়ে ইশতেহারে ‘এক জেলা, এক মেডিকেল কলেজ, এক বিশ্ববিদ্যালয় এবং এক ইঞ্জিনিয়ারিং কলেজ’ নীতি বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে । পাশাপাশি অসমীয়া সিনেমা, সাহিত্য, লোকগান এবং তথ্যচিত্র সংরক্ষণের জন্য একটি নিজস্ব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম চালুর কথাও উল্লেখ করেছে দল । রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২.৪৫ লক্ষ মানুষের মতামতের ভিত্তিতেই এই সংকল্প পত্র তৈরি করা হয়েছে । আগামী ৪ মে রাজ্যের ১২৬টি বিধানসভা আসনের ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে ।

অসম নির্বাচন ২০২৬: ইশতেহার প্রকাশ বিজেপির, প্রতিশ্রুতি ইউসিসি, লাভ জিহাদ বিরোধী আইন এবং অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপের
Scroll to top