
আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে ২০২৭ সালের জনগণনার (Census 2027) প্রথম পর্যায়। এই মেগা প্রক্রিয়ার প্রথম ধাপে নাগরিকদের কী কী প্রশ্ন করা হবে, মঙ্গলবার তার একটি নির্দিষ্ট তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথম পর্যায়ে মোট ৩৩টি প্রশ্ন রাখা হয়েছে ।
নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই জনগণনা প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার (Registrar General and Census Commissioner) মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ । তিনি জানান, গোটা দেশে এবারের জনগণনার কাজ মোট দুটি ধাপে সম্পন্ন করা হবে ।
সেন্সাস কমিশনার আরও জানান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্ধারিত সময়সূচি মেনেই প্রথম পর্যায়টি ১ এপ্রিল থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । এই প্রাথমিক ধাপে মূলত বাড়ি তালিকাভুক্তি বা হাউজ লিস্টিং (House listing) এবং নাগরিকদের নিজস্ব তথ্য প্রদানের (Self-Enumeration) কাজ করা হবে । প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে সেলফ-এনুমারেশনের জন্য একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে, যা মোট ১৬টি ভিন্ন ভাষায় উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ।