
দেশে নতুন করে লকডাউন শুরু হতে চলেছে বলে যে খবর রটেছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো বলে কড়া ভাষায় জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি স্পষ্টভাবে জানিয়েছেন যে, মহামারী বা করোনা-কালে যে ধরনের লকডাউন জারি করা হয়েছিল, বর্তমানে দেশে তেমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সরকারের নেই । পশ্চিম এশিয়ায় চলমান সঙ্কটের আবহে দেশজুড়ে জ্বালানি ঘাটতির যে আশঙ্কা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই সম্প্রতি লকডাউনের এই গুজবটি ছড়িয়ে পড়েছিল ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ একটি পোস্ট করে মন্ত্রী এই গুজবটিকে “দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকারক” বলে আখ্যা দিয়েছেন । তিনি তাঁর পোস্টে লেখেন, “লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে জানাতে চাই, ভারত সরকারের কাছে বর্তমানে এই ধরনের কোনো প্রস্তাব নেই” । সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন যে, সরকার অত্যন্ত নিবিড়ভাবে বিশ্বব্যাপী শক্তি ও সরবরাহ ব্যবস্থার বর্তমান পরিস্থিতির ওপর রিয়েল-টাইমে নজর রাখছে ।
দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী পুরি আরও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাধারণ মানুষের জন্য জ্বালানি, শক্তি এবং অন্যান্য সমস্ত অত্যাবশ্যকীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে । রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও ভারত সরকার দেশের সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়তে দেয়নি । মন্ত্রী মনে করিয়ে দেন যে, তখনও সরকার নিজের রাজস্ব আদায়ে বড়সড় কোপ সহ্য করেও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল রেখেছিল । বর্তমান বৈশ্বিক সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েও ভারত একইভাবে শক্ত হাতে এই পরিস্থিতি মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি জোরালো বার্তা দিয়েছেন ।