
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য একটি স্বস্তিদায়ক খবর। প্রায় ৯৪,০০০ টন এলপিজি (LPG) বা রান্নার গ্যাস নিয়ে আরও দুটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার অত্যন্ত বিপজ্জনক হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিরাপদে পার হতে সক্ষম হয়েছে । ‘বিডব্লিউ টিওয়াইআর’ (BW TYR) এবং ‘বিডব্লিউ ইএলএম’ (BW ELM) নামের এই দুটি এলপিজি কেরিয়ার আগামী কয়েক দিনের মধ্যেই ভারতের উপকূলে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে । জানা গেছে, বিডব্লিউ টিওয়াইআর মঙ্গলবার মুম্বই বন্দরে এসে পৌঁছবে এবং বিডব্লিউ ইএলএম আগামী ১লা এপ্রিল নিউ ম্যাঙ্গালোর বন্দরে নোঙর করবে ।
আমেরিকা-ইজরায়েল এবং ইরানের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে । উপসাগরীয় দেশগুলি থেকে সারা বিশ্বে তেল ও গ্যাস রফতানির ক্ষেত্রে এই সংকীর্ণ নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। তবে গত সপ্তাহে ইরান একটি স্বস্তির বার্তা দিয়ে জানিয়েছিল যে, ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে ‘শত্রু নয় এমন জাহাজগুলি’ (non-hostile vessels) এই পথ ব্যবহার করতে পারবে ।
এই দুটি ট্যাঙ্কার নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ছ’টি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার নিরাপদে এই প্রণালী পার হলো । এর আগে ‘পাইন গ্যাস’ (Pine Gas) এবং ‘জাগ বসন্ত’ (Jag Vasant) নামের দুটি ট্যাঙ্কার প্রায় ৯২,৬১২ টন এলপিজি নিয়ে গত ২৬ থেকে ২৮শে মার্চের মধ্যে সফলভাবে ভারতীয় বন্দরে এসে পৌঁছেছিল । তারও আগে, ১৬ এবং ১৭ই মার্চ যথাক্রমে গুজরাটের মুন্দ্রা এবং কান্ডলা বন্দরে এসে নোঙর করেছিল ‘এমটি শিবালিক’ (MT Shivalik) এবং ‘এমটি নন্দা দেবী’ (MT Nanda Devi), যেগুলির মধ্যে প্রায় ৯২,৭১২ টন এলপিজি মজুত ছিল ।