
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বা আইপিএল-এর ১৯তম আসর শুরু হতে চলেছে আগামী ২৮শে মার্চ । টুর্নামেন্টের হাই-ভোল্টেজ উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ (SRH) । বহুল প্রতীক্ষিত এই ‘সাউদার্ন ডার্বি’ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর ঘরের মাঠ, বিখ্যাত এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে সম্প্রতি এই মেগা টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে । দেশে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে টুর্নামেন্টের প্রথম ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে । বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রাজ্যগুলির নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই বাকি টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করা হবে ।
গত মরশুমে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল আরসিবি । আর তাই এবার ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে তারা । পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে সপ্তমবারের জন্য আইপিএলের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এটিই তাদের প্রথম ওপেনিং ম্যাচ । এর আগে ২০১৭ সালের আইপিএলেও এই দুই দল উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল । চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের খেলা দেখতে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে ।