Read today's news --> ⚡️Click here 

আসাম বিধানসভা নির্বাচনের আগে ভারত-ভুটান সীমান্ত পরিদর্শনে এসএসবি প্রধান সঞ্জয় সিংঘল, জোর দিলেন নিশ্ছিদ্র নিরাপত্তায়

আসন্ন আসাম বিধানসভা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে তৎপর হলো নিরাপত্তা বাহিনী। এই লক্ষ্যেই শনিবার রাজ্যের ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা এবং বাহিনীর প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন সশস্ত্র সীমা বলের (এসএসবি) ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংঘল । আসাম সংলগ্ন এই আন্তর্জাতিক সীমানা পাহারার মূল দায়িত্ব এসএসবি-র ওপর ন্যস্ত থাকায়, ভোটের মুখে বাহিনীর শীর্ষ কর্তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

দিনব্যাপী এই সফরের শুরুতেই রাঙ্গিয়ায় অবস্থিত সেক্টর সদর দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এসএসবি প্রধান । নির্বাচনী কর্তব্যে নিযুক্ত নোডাল অফিসার, অ্যাড-হক কমান্ডান্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন অফিসার এবং কোম্পানি কমান্ডারদের সাথে আলোচনায় বসে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার জন্য কড়া নির্দেশিকা জারি করেন তিনি । রাজ্যের সীমান্ত অঞ্চলগুলিতে যাতে কোনোভাবেই বহিরাগত অবাঞ্ছিত উপাদানের প্রবেশ না ঘটে, সেই বিষয়ে আধিকারিকদের সতর্ক করা হয়েছে ।

রাঙ্গিয়ার পাশাপাশি এদিন ওদালগুড়ি জেলাও পরিদর্শন করেন ডিরেক্টর জেনারেল সিংঘল । সেখানে তিনি জেলা পুলিশ সুপারদের (এসপি) সাথে নিরাপত্তা প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি নির্বাচনী কর্তব্যে থাকা জওয়ানদের সাথেও সরাসরি কথা বলেন । এছাড়াও, ভুটানের সাথে বাণিজ্য ও যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ দরঙ্গা-সামদ্রুপ জংখার (Darranga–Samdrup Jongkhar) ট্রানজিট রুটটিও তিনি পরিদর্শন করেন । সমগ্র পরিদর্শনের সময় স্থানীয় পুলিশ আধিকারিকদের পাশাপাশি ভুটান প্রশাসনের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন এসএসবি-র ডিরেক্টর জেনারেল ।

আসাম বিধানসভা নির্বাচনের আগে ভারত-ভুটান সীমান্ত পরিদর্শনে এসএসবি প্রধান সঞ্জয় সিংঘল, জোর দিলেন নিশ্ছিদ্র নিরাপত্তায়
Scroll to top