
সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং আধার পরিষেবা আরও সহজলভ্য করতে ম্যাপমাইইন্ডিয়ার (MapmyIndia) সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) । এই চুক্তির ফলে আগামী কয়েক মাসের মধ্যেই ম্যাপল্স অ্যাপের (Mappls App) মাধ্যমে দেশের সমস্ত অনুমোদিত আধার কেন্দ্রগুলির (Aadhaar centres) হদিস খুব সহজেই পেয়ে যাবেন নাগরিকরা ।
ডিজিটাল ম্যাপিং ও পরিষেবা
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, অ্যাপটিতে এই নতুন ফিচার চালু হলে আধার সংক্রান্ত বিভিন্ন নির্দিষ্ট পরিষেবার ভিত্তিতে আশেপাশের কেন্দ্রগুলি খুঁজে পাওয়া যাবে । ফলে প্রাপ্তবয়স্ক বা শিশুদের আধার তালিকাভুক্তি এবং ঠিকানা বা মোবাইল নম্বর আপডেটের মতো কাজের জন্য ঠিক কোন কেন্দ্রে যেতে হবে, তা গ্রাহকরা বাড়ি বসেই নিজেদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন ।
নির্ভুল তথ্যের গ্যারান্টি
ম্যাপমাইইন্ডিয়া জানিয়েছে যে ইউআইডিএআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে তারা তাদের ম্যাপল্স প্ল্যাটফর্মে আধার কেন্দ্রগুলির একটি সম্পূর্ণ, স্বতন্ত্র এবং নির্ভুল ডিজিটাল ম্যাপিং (digital mapping) তৈরি করবে । এই ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা অ্যাপে আধার কেন্দ্র সার্চ করলেই তাদের সরাসরি এলাকার সবচেয়ে কাছের এবং কেবল অনুমোদিত কেন্দ্রগুলির সঠিক অবস্থান দেখিয়ে দেওয়া হবে ।