Read today's news --> Click here

নির্বাচন কমিশনের কড়া বার্তা: ‘সাইলেন্স পিরিয়ড’-এ প্রচার এবং বুথফেরত সমীক্ষা সম্প্রচারে সংবাদমাধ্যমের ওপর কড়া নিষেধাজ্ঞা

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সংবাদমাধ্যমের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা বা অ্যাডভাইজরি জারি করল জাতীয় নির্বাচন কমিশন (ECI) । আগামী ৯ এপ্রিল অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণ হতে চলেছে । অন্যদিকে তামিলনাড়ুতে ২৩ এপ্রিল এবং পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল—এই দুই দফায় ভোটগ্রহণ হবে । এই পাঁচ রাজ্যের বিধানসভা এবং অন্যান্য উপনির্বাচনকে সামনে রেখেই প্রিন্ট, বৈদ্যুতিন এবং ডিজিটাল মিডিয়ার জন্য ‘সাইলেন্স পিরিয়ড’ (silence period) এবং বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল (exit poll) সংক্রান্ত নিয়মগুলি মনে করিয়ে দিয়েছে কমিশন ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) । আগামী ৪ মে সমস্ত নির্বাচনের ভোট গণনা করা হবে ।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের (Representation of the People Act, 1951) ১২৬(১)(বি) ধারা মেনে প্রতিটি দফায় ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে এই ‘সাইলেন্স পিরিয়ড’ বা নীরবতার সময়কাল কার্যকর হবে । এই সময়ে টিভি, রেডিও বা কোনো কেবল নেটওয়ার্কে নির্বাচন সংক্রান্ত কোনো খবর, মতামত বা ওপিনিয়ন পোল (opinion poll) এবং প্রচারমূলক বিতর্ক সম্প্রচার করা সম্পূর্ণ বেআইনি । মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক স্পষ্ট জানিয়েছেন, ভোটাররা যাতে প্রচারের ডামাডোল ও প্ররোচনা ছাড়াই শান্ত ও নির্বিঘ্ন পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ।

প্রচার বন্ধের পাশাপাশি, বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এ (126A) ধারা অনুযায়ী, প্রথম দফার ভোট শুরু হওয়া থেকে শেষ দফার ভোটগ্রহণ শেষের অন্তত আধ ঘণ্টা পর পর্যন্ত কোনো সংবাদমাধ্যমই প্রিন্ট বা বৈদ্যুতিন মাধ্যমে বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ বা সম্প্রচার করতে পারবে না । প্রেস কাউন্সিল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, একাধিক দফায় চলা নির্বাচনে মাঝপথে এক্সিট পোল প্রকাশিত হলে তা অন্যান্য এলাকার ভোটারদের প্রভাবিত করতে পারে, যা নির্বাচনের স্বচ্ছতাকে নষ্ট করে । নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছে যে, এই নিয়মগুলির কোনো রকম লঙ্ঘন হলে দোষীদের দু’বছর পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে ।

নির্বাচন কমিশনের কড়া বার্তা: ‘সাইলেন্স পিরিয়ড’-এ প্রচার এবং বুথফেরত সমীক্ষা সম্প্রচারে সংবাদমাধ্যমের ওপর কড়া নিষেধাজ্ঞা
Scroll to top