
ভারতের স্বাধীনতার পর অষ্টম এবং সব মিলিয়ে ১৬তম জনগণনা বা ‘সেন্সাস ২০২৭’ (Census 2027) শুরু হতে চলেছে আগামী মাসের পয়লা তারিখ থেকে । সোমবার নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন যে, এবারের জনগণনা প্রক্রিয়াটি মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে ।
প্রথম পর্যায়ের কাজ শুরু হবে ১লা এপ্রিল থেকে। এই ধাপে মূলত বাড়ির তালিকা তৈরি (house listing) এবং নাগরিকদের নিজেদের তথ্য সরাসরি জমা দেওয়ার বা সেলফ-এনিউমারেশনের (Self-Enumeration) কাজ চলবে । সেন্সাস কমিশনার জানান, চলতি বছরের ১লা এপ্রিল থেকে ৩১শে আগস্টের মধ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিজস্ব সময়সূচি অনুযায়ী ১৫ দিন ধরে এই সেলফ-এনিউমারেশনের সুবিধা পাওয়া যাবে । এরপর প্রতিটি রাজ্যে ৩০ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরির কাজ চলবে, যা ৩০শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । উল্লেখযোগ্যভাবে, বহু প্রতীক্ষিত জাতভিত্তিক জনগণনা বা কাস্ট এনিউমারেশনের (caste enumeration) কাজটি এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি ।
তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভুল করতে এবারের জনগণনাকে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করা হবে । সাধারণ মানুষ যাতে খুব সহজেই নিজেদের তথ্য জমা দিতে পারেন, তার জন্য সেলফ-এনিউমারেশন পোর্টালটি ১৬টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ করা হবে । এর পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনও ব্যবহার করা হবে। সামগ্রিক কাজের তদারকি এবং ব্যবস্থাপনার জন্য একটি ওয়েব-ভিত্তিক পোর্টাল তৈরি করা হয়েছে এবং ওয়েব ম্যাপিং অ্যাপ্লিকেশনের (web mapping application) মাধ্যমে ‘হাউস লিস্টিং ব্লক’ বা এইচএলবি (HLB) তৈরি করা হবে বলে কমিশনার তাঁর ব্রিফিংয়ে জানিয়েছেন । প্রথম পর্যায়ের জন্য প্রশ্নাবলি ইতিমধ্যেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের প্রশ্নাবলি যথাসময়ে প্রকাশ করা হবে ।