
আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে আবহাওয়ার চরম অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। শনিবার ভারতের আবহাওয়া দপ্তর বা ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) দেশজুড়ে এক ব্যাপক আবহাওয়ার সতর্কতা জারি করেছে । এই সতর্কবার্তায় আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ।
মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মূলত পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়ার এই খামখেয়ালি রূপ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে । ২১ থেকে ২৪শে মার্চের মধ্যে উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ২১শে মার্চ বিচ্ছিন্নভাবে কিছু স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে । অন্যদিকে, ওড়িশায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিরও জোরালো সম্ভাবনা রয়েছে ।
উত্তর-পূর্ব ভারতের মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে । এছাড়া আগামী ২৪শে মার্চ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলি, যেমন— বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু অংশে আগামী কয়েকদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে । পরিস্থিতি বিবেচনা করে উত্তরপ্রদেশের পূর্বাংশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ (Orange Alert) জারি করা হয়েছে বলে আইএমডি বিজ্ঞানী অখিল শ্রীবাস্তব নিশ্চিত করেছেন ।
দেশের অন্যান্য অংশের মতো উত্তর-পশ্চিম ভারতেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ২৩শে মার্চ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং মহারাষ্ট্রের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও কেরালা, কর্ণাটক উপকূল এবং গোয়ায় গরম ও আর্দ্র আবহাওয়াই বজায় থাকবে বলে জানিয়েছে আইএমডি ।