
আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বে দেশ ও বিদেশের শ্রোতাদের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার এই বিশেষ সম্প্রচারের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে ।
যাতে দেশের প্রতিটি কোণায় এই অনুষ্ঠান পৌঁছে দেওয়া যায়, তার জন্য ব্যাপক সম্প্রচারের ব্যবস্থা করেছে প্রসার ভারতী। গোটা আকাশবাণী এবং দূরদর্শন নেটওয়ার্কের পাশাপাশি ‘এআইআর নিউজ’ (AIR News) ওয়েবসাইট এবং ‘নিউজঅনএয়ার’ (Newsonair) মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে । ডিজিটাল দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে আকাশবাণী নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলিতেও অনুষ্ঠানটির সরাসরি লাইভ-স্ট্রিমিং করা হবে ।
ভাষাগত বাধা দূর করতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। হিন্দিতে প্রধানমন্ত্রীর মূল ভাষণটি শেষ হওয়ার ঠিক পরপরই আকাশবাণীর তরফ থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় তার অনুবাদ সম্প্রচার করা হবে, যাতে দেশের সমস্ত মানুষ নিজেদের মাতৃভাষাতেই এই বার্তা শুনতে ও বুঝতে পারেন ।