
ভারতের দ্রুত বর্ধনশীল ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সুরক্ষিত এবং বিস্তৃত করার লক্ষ্যে শুক্রবার একটি নতুন নির্দেশিকা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বা আরবিআই । ‘পেমেন্টস ভিশন ২০২৮’ (Payments Vision 2028) নামের এই রূপরেখার মাধ্যমে আগামী ২০২৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের ডিজিটাল লেনদেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে ।
‘শেপিং ইন্ডিয়াস পেমেন্ট ফ্রন্টিয়ার’ (Shaping India’s Payment Frontier) থিমকে সামনে রেখে তৈরি করা এই ভিশন ডকুমেন্টে মূলত ব্যবহারকারীদের ক্ষমতায়ন এবং আর্থিক জালিয়াতি বা ফ্রড ঠেকানোর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে । এর পাশাপাশি, আন্তর্জাতিক বা ক্রস-বর্ডার পেমেন্টের কাঠামোকে আরও উন্নত করা এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে সহজ করার মতো বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত রয়েছে ।
এই ভিশন ডকুমেন্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টে “সুইচ অন/অফ” (switch on/off) বা চালু এবং বন্ধ করার সুবিধা নিয়ে আসা । বর্তমানে ডেবিট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেভাবে গ্রাহকরা নিজেদের কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন, ঠিক সেইভাবেই ইউপিআই (UPI) বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট মাধ্যমগুলিতেও এই ধরনের কন্ট্রোল আনার কথা ভাবা হচ্ছে। এর ফলে গ্রাহকরা সহজেই তাঁদের লেনদেন পরিচালনা করতে পারবেন এবং জালিয়াতির ঝুঁকিও অনেকটাই কমবে । এছাড়াও, ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম বা ট্রেডস (TReDS)-এর জন্য একটি ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাবও রেখেছে শীর্ষ ব্যাঙ্ক, যা মূলত পাওনা আদায় বা রিসিভেবলস ফাইন্যান্সিং ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলবে ।
সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম (PSS) আইন, ২০০৭ এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা (FEMA), ১৯৯৯-এর আওতায় অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ ও মসৃণ করার জন্য ক্রস-বর্ডার পেমেন্ট ব্যবস্থাগুলি পর্যালোচনা করা হবে । এছাড়া ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কোনো অননুমোদিত কাজ বা জালিয়াতি হলে, টাকা পাঠানো এবং গ্রহণকারী—উভয় ব্যাঙ্কেরই যাতে যৌথ দায়িত্ব থাকে (shared responsibility framework), সেই বিষয়টিও বিবেচনা করে দেখছে শীর্ষ ব্যাঙ্ক ।