Read today's news --> ⚡️Click here 

আসামে নির্বাচনের উত্তাপ তুঙ্গে; মনোনয়ন জমার শেষ দিনে ভিড় জমালেন শীর্ষ নেতারা

আগামী ৯ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা আসাম বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সোমবার, ২৩শে মার্চ আনুষ্ঠানিকভাবে শেষ হলো । মনোনয়ন পেশ করার শেষ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের রিটার্নিং অফিসারদের (RO) কার্যালয়ে শাসক ও বিরোধী শিবিরের একাধিক হেভিওয়েট নেতা এবং প্রার্থীর চূড়ান্ত ভিড় লক্ষ্য করা গেছে ।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ই মার্চ থেকে শুরু হওয়া এই মনোনয়ন প্রক্রিয়ায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ একাধিক শীর্ষ নেতা নিজেদের নাম নথিভুক্ত করেছেন । মুখ্যমন্ত্রী শর্মা গত শুক্রবারই (২০শে মার্চ) জালুকবাড়ি কেন্দ্র থেকে তাঁর মনোনয়নপত্র পেশ করেছিলেন । ওই দিনই রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা রঙ্গিয়া থেকে, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া নাজিরা থেকে এবং ইউপিপিএল (UPPL) প্রধান প্রমোদ বোরো তামুলপুর থেকে তাঁদের মনোনয়ন জমা দিয়েছিলেন । এর পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি রিপুন বোরাও শুক্রবার বরচলা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন ।

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, জমা পড়া সমস্ত মনোনয়নপত্রগুলি আগামী ২৪শে মার্চ আইনিভাবে যাচাই বা স্ক্রুটিনি করা হবে । এরপর কোনো প্রার্থী যদি তাঁর নাম প্রত্যাহার করতে চান, তবে তিনি ২৬শে মার্চ পর্যন্ত সেই সুযোগ পাবেন ।

১২৬ আসন বিশিষ্ট আসাম বিধানসভায় এবার মূলত শাসক জোট এবং কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধী মহাজোটের মধ্যে কড়া টক্কর হতে চলেছে । ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে আগামী ৪ঠা মে সমস্ত আসনের ভোট গণনা একসাথে সম্পন্ন হবে । মনোনয়ন পর্ব শেষ হওয়ার সাথে সাথেই সমস্ত রাজনৈতিক দলগুলি এবার পূর্ণ শক্তিতে তাদের নির্বাচনী প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

আসামে নির্বাচনের উত্তাপ তুঙ্গে; মনোনয়ন জমার শেষ দিনে ভিড় জমালেন শীর্ষ নেতারা
Scroll to top