
আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মাঝ আকাশে বিপত্তিতে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হেলিকপ্টারে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার অসমের ধুবরি (Dhubri) জেলার গোলকগঞ্জে (Golakganj) তাঁর নির্ধারিত প্রথম নির্বাচনী জনসভাটি শেষ মুহূর্তে বাতিল করতে হয় ।
দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গুয়াহাটি থেকে কপ্টারে করে গোলকগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাঁর কপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর নিরাপত্তাজনিত কারণে কপ্টারটি গোলকগঞ্জে অবতরণ করতে না পারায় বাধ্য হয়েই ওই বিশাল নির্বাচনী সমাবেশটি বাতিল করতে হয় । তবে, কপ্টারের গতিপথ পরিবর্তন করে শেষমেশ সেটি পার্শ্ববর্তী গোয়ালপাড়া জেলার দুধনৈতে (Dudhnoi) সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে ।
সশরীরে উপস্থিত থাকতে না পারলেও পরে মোবাইল ফোনের মাধ্যমে গোলকগঞ্জের জনসভায় আসা কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অমিত শাহ । সভায় উপস্থিত থাকতে না পারার জন্য তিনি সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেন । নিজের সংক্ষিপ্ত টেলিফোনিক বার্তায় তিনি স্থানীয় বিজেপি প্রার্থী অশ্বিনী রায় সরকারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফের রাজ্যের ‘প্রধান’ করতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার আবেদনও রাখেন তিনি । নির্বাচনে জয়লাভ করার পর তিনি নিজে গিয়ে ওই এলাকায় বিজয় মিছিলে অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন শাহ ।
দু’দিনের অসম সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রীর শুক্রবার মোট তিনটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল, যার মধ্যে কামরূপ জেলার পলাশবাড়ি কেন্দ্রটিও অন্তর্ভুক্ত ছিল । এর আগে বৃহস্পতিবার কালিয়াবরে জোটসঙ্গী অগপ (AGP) প্রার্থী কেশব মহন্তর সমর্থনেও একটি বিশাল জনসভা করেছিলেন তিনি । উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল অসমের ১২৬ সদস্যের বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং ভোট গণনা হবে ৪ মে ।